ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত সিয়াম আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ দুপুর

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। 

গতকাল বুধবার রাতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যার শিকার হয় শাহরিয়ার শারমিন বিন্তি। তিনি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর হাজারীবাগ রায়েরবাজার এলাকায় হেঁটে যাচ্ছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিন্তী ও সিয়াম নামের আরেক কিশোর। কিছু সময় পর কিছুটা নির্জন জায়গায় বিন্তীকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় সিয়াম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত বিন্তি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত বিন্তির বাবার অভিযোগ, একই স্কুলের এক শিক্ষার্থী তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

Link copied!