ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ রাত

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথমবারের মতো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে। ঢাকার পিবিআই তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা সদর আদালতে উপস্থাপন করেন।  

এর আগে গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিনজন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চান। তারা হলেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক জাহাঙ্গীর আলম।  

এদিকে আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানি হয়েছে এবং চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা দীর্ঘ সময় ধরে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় কুমিল্লা আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা-মা এবং তার ছোট ভাই রুবেল হোসেন।   

উল্লেখ্য, ২০১৬ সালের ২০শে মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

Link copied!