শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃতি সন্তান এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ লাভ করেছেন। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত নিসচা’র ১১তম মহাসমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় সভাপতিত্ব করেন এবং মহাসচিব লিটন এরশাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আজীবন সদস্য এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের সন্তান লায়ন গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে নিয়মিত কলাম ও প্রবন্ধ লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এসব কার্যক্রম নিরাপদ সড়ক আন্দোলনকে আরও গতিশীল করতে সহায়ক হয়েছে।
সড়ক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সামাজিক, মানবকল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। লায়ন গনি মিয়া বাবুলের এই অর্জনে গাজীপুরের শ্রীপুরবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :