পটুয়াখালীর দুমকি উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পাংগাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লামিয়া আক্তার (৯) পাংগাশিয়া এলাকার বাসিন্দা পান্না হাওলাদারের মেয়ে। অভিযুক্ত সোহাগ হাওলাদার একই এলাকার মিজু হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে রাস্তার পাশের একটি গাছের দিকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। ঘটনাস্থলটি পাংগাশিয়া স’মিল সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত। এ সময় পুকুরজনা বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশার চালক বিষয়টি দেখতে পান। শিশুটির সঙ্গে ধস্তাধস্তি লক্ষ্য করে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।
পরে স্থানীয়রা দুমকি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগ হাওলাদারকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :