দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ০২:২০ দুপুর

টানা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং নাবিকদের প্রতিকূল কর্মপরিবেশ নিয়ে সৃষ্ট সমালোচনার প্রেক্ষাপটে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাহাজটির ক্রুদের মধ্যে ক্রমবর্ধমান ক্লান্তি, হতাশা এবং মানসিক চাপ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মাসের পর মাস কোনো বন্দরে না থেমে দায়িত্ব পালন করায় নাবিকদের মধ্যে মানসিক অস্থিরতা চরমে পৌঁছায়। পরিবার এবং মার্কিন আইনপ্রণেতারা নাবিকদের জীবনযাত্রার মান এবং মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হুং কাও এক বিবৃতিতে জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকন তাদের মিশন সফলভাবে সম্পন্ন করেছে এবং শিগগিরই বাড়ি ফিরবে।

তিনি জোর দিয়ে বলেন যে, সেনাদের নিরাপত্তা ও সুরক্ষাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নভেম্বর মাসে সান ডিয়েগো থেকে রওনা হওয়ার পর প্রায় ২৬০ দিনেরও বেশি সময় সাগরে ছিল এই রণতরী। অভিযানের প্রয়োজনীয়তার কারণে এই দীর্ঘ মোতায়েন জরুরি ছিল বলে কাও উল্লেখ করেন। তিনি স্বীকার করেন যে, যুদ্ধকালীন অভিযান অত্যন্ত কঠিন এবং এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তবে প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই সাফল্যের চাবিকাঠি। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, রণতরীটিতে খাবার ও বাসস্থানের শোচনীয় অবস্থা বিরাজ করছিল।

পচা খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নাবিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে কয়েকজন নাবিকের আত্মহত্যার চেষ্টার খবরও সামনে এসেছে। আধুনিক যুগে এটি কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য টানা সমুদ্রে অবস্থানের এক নজিরবিহীন রেকর্ড। মূলত ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে রণতরীটিকে অনির্দিষ্টকালের জন্য সেখানে রাখা হয়েছিল।

Link copied!