বেনাপোলে মুরগিবাহী ভ্যান থেকে বিদেশি ম্যাগাজিন ও গুলি উদ্ধার, চালক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬, ০১:৩৭ দুপুর

ছবি-কুয়াকাটা নিউজ

মো. সাইদুল ইসলাম: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোলের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কের ওপর একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ভ্যানচালক মিয়ারাজ গাইনকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন এবং মায়ের নাম জাহানারা খাতুন।

অভিযানে এসআই মাহাবুবুর রহমানের সঙ্গে সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন হোসেন ও কনস্টেবল আব্দুল হাই অংশ নেন।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Link copied!