ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৪ বিকাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে মহিপুর থানা পুলিশের সহায়তায় এ দণ্ড দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইনসান উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন জেলে।
 
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জলিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাগেরহাটের এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। পরে বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে যান তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হলে মহিপুর থানা পুলিশ জলিলকে আটক করে। পরে খবর পেয়ে তাঁর স্ত্রী ও ওই তরুণীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা জলিলের কথিত প্রতারণার বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন। 
 
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি প্রতারণার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তাঁর স্ত্রীও আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের সঙ্গে প্রতারণার ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
 

Link copied!