ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৩ দুপুর

আশুলিয়ার জামগড়া এলাকায় গার্মেন্টসকর্মী বিথী আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের স্বামী মজনু রাজাকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। গত ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে বিথী আক্তারকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসেন মজনু রাজা। জীবিকার তাগিদে মজনু একটি রিকশার গ্যারেজে কাজ করতেন। অন্যদিকে, বিথী একটি গার্মেন্টস কারখানায় চাকরি নেন। এভাবেই চলছিল তাদের সংসার।

পিবিআই জানায়, কিছুদিন পর বিথীর সঙ্গে গার্মেন্টসের এক সহকর্মীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন মজনু রাজা। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়। গত ১২ আগস্ট রাতে বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিথীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে মজনু রাজার বিরুদ্ধে।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান মজনু রাজা। পরে তাকে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চালায় পিবিআই। গত ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় ভারতে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই আরও জানায়, গ্রেপ্তারের পর মজনু রাজা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Link copied!