মৌলভীবাজার পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন জাতের কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে থানায় নিয়ে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় লজেন্স ও বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ পণ্য নিয়ে মৌলভীবাজার শহরে আসে। পণ্যগুলো শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পণ্য দেশে আনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন :