ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ রাত

মো. সাইদুল ইসলাম:
ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের ফাঁদে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী।
 
বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর কাছে দু’দফায় তাদের হস্তান্তর করে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
দেশে ফেরা তরুণীরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৫), নড়াইল জেলার পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পী খাতুন একা (২৬) এবং পাবনা জেলার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (২৬)।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধ উপায়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে যায়। মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়ে রিয়া খাতুন এক বছর এক মাস কারাভোগ করেন। অন্যদিকে, পুনে ও মহারাষ্ট্রে বিউটি পার্লারে কাজ করার সময় আটক হন শিল্পী খাতুন ও শিমলা খাতুন। সেখানে তারা আট মাস কারাভোগ করেন।
 
পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে বুধবার তারা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী জানান, ফেরত আসা তরুণীদের প্রথমে তাদের শেল্টার হোমে রাখা হবে এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!