চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১০:১১ রাত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!