ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬, ০৩:৩০ দুপুর

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় লিমা আক্তার (২০) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার পাশের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ১ লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফেরার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে মনোমালিন্য হয় বলে পরিবারের সদস্যরা জানান। স্বজনদের ভাষ্য, রাত ৩টার দিকে লিমার অসুস্থতার কথা জানিয়ে তার ভগ্নিপতিকে ফোন করেন একরামুল। পরে ভোর ৪টার দিকে লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল। লিমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে লিমাকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তবে স্বামী একরামুলের দাবি, রাতে ঘুমানোর পর মাঝরাতে ঘুম থেকে উঠে দরজা খোলা দেখতে পান তিনি। বাইরে গিয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে লিমার মরদেহ ঝুলতে দেখেন। পরে তিনি নিজেই মরদেহ নামিয়ে আনেন।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Link copied!