বেনাপোলে ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন, সভাপতি ইমদাদ সম্পাদক বাসেত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩০ রাত

ছবি-কুয়াকাটা নিউজ

মো. সাইদুল ইসলাম: যশোরের বেনাপোলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ‘বেনাপোল ক্রীড়া একাডেমি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদকে সভাপতি এবং আব্দুল বাসেতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১৫ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ক্রীড়া একাডেমির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির মাধ্যমে বেনাপোলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে আমরা কাজ করতে চাই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বেনাপোল ক্রীড়া একাডেমিকে একটি সুসংগঠিত ও কার্যকর ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য ক্রীড়াপ্রেমী, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, স্থানীয় সংগঠক ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে বেনাপোল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে স্থানীয়, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের সুযোগ সৃষ্টি করতে চাই।

তিনি আরও বলেন, নবগঠিত কমিটির সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে একাডেমির কার্যক্রম পরিচালনা করা হবে। বেনাপোলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Link copied!