কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পথ হারিয়ে বাড়ি থেকে প্রায় ২৭৭ কিলোমিটার দূরে পটুয়াখালীর কলাপাড়ায় চলে এসেছিলেন ৭০ বছর বয়সী কুলসুম ওরফে শানু বেগম। কোথায় তাঁর বাড়ি, কীভাবে ফিরবেন স্বজনদের কাছে, শুরুর দিকে কিছুই নিশ্চিত করে জানা যাচ্ছিল না। অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর তিনি ফিরেছেন আপন ঠিকানায়।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া বাস টার্মিনাল থেকে একটি পরিবহনে তাকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। এর আগে শনিবার ঝিকরগাছা থেকে তাকে নিতে এসেছিলেন প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। শানু ও রোজিনা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ এর সভাপতি নয়নাভিরাম গাইন জানান।
তিনি বলেন, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগম তার কাছে আসেন। প্রথম দিকে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন তার পরিচয় শনাক্ত করা, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার কথা বলে তিনি একটি বাসে উঠেন। এরপর একপর্যায়ে চলে আসেন পটুয়াখালীর কলাপাড়ায়। বাড়ি থেকে ২৭৭ কিলোমিটার দূরে এসে হারিয়ে যাওয়া এই বৃদ্ধাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল বাংলাদেশ প্রতিদিন অনলাইনেও।
অচেনা শহরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো শানু বেগমের বাড়ি ফেরা সম্ভব হয়েছে কয়েকজন মানুষের আন্তরিক প্রচেষ্টায়। স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় প্রশাসন ও প্রতিবেশীর সম্মিলিত উদ্যোগে অবশেষে আবার স্বজনদের কাছে ফিরছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর তার এই ফিরে যাওয়া যেন মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন :