ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৩ বিকাল

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই মামলাতেই আজ সকালে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মাঝিড়া বন্দরের কাছে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে ব্যারিকেড বসিয়ে তার ব্যবহৃত গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হলে ওয়ারেন্টমূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ অভিযোগ অস্বীকার করলে তার বিরুদ্ধে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মিথিলা। পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Link copied!