মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এদিকে বহিষ্কারের আগের দিন রবিবার হরিরামপুরে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় ব্যানারে ‘হরিরামপুরবাসী’র উদ্যোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :