তরিকুল ইসলাম ছিলেন একজন সফল রাজনীতিবিদ ও জনমানুষের নেতা: আশরাফুল আলম বাবু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১২:২৭ দুপুর

ছবি-কুয়াকাটা নিউজ

শার্শা (যশোর) প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ, যশোরের উন্নয়নের অন্যতম রূপকার ও বিএনপির জাতীয় নেতা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, আদর্শ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম বাবু।

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) শার্শার নাভারন বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আশরাফুল আলম বাবু বলেন, তরিকুল ইসলাম শুধু একজন সফল রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন বিএনপির হাজারো নেতাকর্মীর রাজনৈতিক অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব দক্ষিণবঙ্গে অতীতে যেমন ছিলেন না, ভবিষ্যতেও এমন নেতা পাওয়া কঠিন। তাঁর আদর্শ ও রাজনৈতিক ত্যাগ নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, তরিকুল ইসলামের কাছ থেকেই নেতাকর্মীরা মানুষের সেবা করা এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছেন। তাঁর রাজনৈতিক উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিতও সেই জনকল্যাণমূলক আদর্শ ধারণ করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রশংসিত হয়েছেন।

বাবু বলেন, দলের কঠিন সময়ে তরিকুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সাহস ও দিকনির্দেশনা নেতাকর্মীদের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনিন্দ্য ইসলাম অমিত তাঁদের রাজনৈতিক অভিভাবক। তাঁর নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তাঁরা। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের প্রসঙ্গও তুলে ধরেন।

সবশেষে তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, মরহুম তরিকুল ইসলাম ২০১৮ সালের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Link copied!