ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, অক্টোবরে এ অঞ্চলে ৩০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এদিকে, বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়া এবং নিজেদের তেল রপ্তানি থেকে আয় কমে আসার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রভাব ধরে রাখতে তেহরান হামলা আরও জোরদার করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অক্টোবরে যুক্তরাজ্যের নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর কাছে ৩০টির বেশি জাহাজে হামলার ঘটনা রিপোর্ট করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে এটাই ছিল সর্বোচ্চ হামলার সংখ্যা।
সিএনএনের ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত অন্তত ২২টি হামলার ঘটনা রিপোর্ট হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংখ্যা। এসব তথ্যের আওতায় রয়েছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় অঞ্চল।
অক্টোবরের আগে এ অঞ্চলে প্রতি মাসে গড়ে প্রায় ১০টি হামলার ঘটনা রিপোর্ট করা হতো। হামলার সংখ্যায় বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে পার্থক্য থাকলেও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও চলতি বছরের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা উঠে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এই জলপথে হামলার কারণে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ বা সীমিত করার চেষ্টা শুরু করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। তবে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো বিকল্প কৌশলে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখার চেষ্টা করছে।
যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল ২০২৫ সালের স্বাভাবিক পরিস্থিতির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ইরানের রাজস্ব আয়েও চাপ তৈরি হয়েছে। তেল বিক্রি থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের প্রভাব ধরে রাখতে ব্যর্থ হওয়ায় তেহরানের কৌশলগত অবস্থান দুর্বল হচ্ছে।
এ পরিস্থিতিতে ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় এবং হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে ইরান হামলা বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন :